আইসিটি অধিদপ্তর, কম্পিউটার কাউন্সিল ও হাইটেক পার্কে নতুন প্রধান

১৫ সেপ্টেম্বর, ২০২৪ ২০:৪৬  

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের তিন শীর্ষ পদে রদবদল হয়েছে। অতিরিক্ত সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে তিন সংস্থা প্রধান হিসেবে নিয়োগ দিয়ে রোববার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হয়। তিনি বিগত সরকারের আমলে থাকা রণজিৎ কুমারের স্থলাভিষিক্ত হলেন।

এছাড়াও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আমিরুল ইসলামকে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়। চুুক্তি বাতিল হয়ে দায়িত্ব হারানো জিএসএম জাফরুল্লাহ’র স্থলে আগাম মঙ্গলবার থেকে হাইটেক পার্ক কর্তৃপক্ষের দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

অপরদিকে পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ করা হয়েছে। এই পদ থেকে মোস্তাফা কামাল পদচ্যুত হলে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই এ মাসেই দায়িত্ব পালন করছিলেন মনোয়ারা ইশরাত।

এর আগে গত সপ্তাহে  সামসুল আরেফিনকে ওএসডি করলে খালি হওয়া আইসিটি বিভাগের সচিবের স্থলে গতকালই নতুন সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কশিশনের সদস্য ও অতিরিক্ত সচিব শীষ হায়দার চৌধুরীকে।